উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়। শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচনের জন্য গত ১২ অক্টোবর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৬ অক্টোবর, বাছাই ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এলিজা জামান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে তাঁকে দল ও জোটের প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। আইন অনুযায়ী শূন্য হওয়া এই আসনটিতে শুধু বিএনপির প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে পেরেছেন।
জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে, যা দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে বণ্টন করা হয়। চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পায় যার একটিতে সংসদ সদস্য ছিলেন ফেরদৌসী আহমেদ। রাজধানীর একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় নাম আসায় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন।