উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নে সরকারি ছুটির দিনে বন বিভাগের রোপণ করা গাছ কাটার অভিযোগ উঠেছে। মহাদেবপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের বিরুদ্ধে এই গাছ চুরির অভিযোগ আনা হয়েছে। বন বিভাগের কোনো অনুমোদন না নিয়েই মেহগনি, শিশু ও কড়ইসহ প্রায় ১০ থেকে ১২টির অধিক গাছ কেটে বিক্রি করা হয়েছে। স্থানীয়দের দাবি, কাটা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি অফিস বন্ধ থাকার সুযোগে এগুলো সরিয়ে নেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, মহাদেবপুর থেকে শিমুলিয়া বাজার এবং শিমুলিয়া মোড় থেকে তাড়াইল বাজার পর্যন্ত সড়কের দুই পাশের ঢালু এলাকায় ২০১৭-২০১৮ সালের দিকে বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। গাছগুলোর রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় একটি কমিটি গঠন করা হয়েছিল যার সভাপতি ছিলেন নিজাম এবং সদস্যদের মধ্যে জিন্নত আলী মাস্টারের নাম ছিল। অভিযোগ রয়েছে, জিন্নত আলী মাস্টারের ছেলে আরিফুল ইসলাম বাড়ির সামনের পুকুরপাড়ের গাছগুলো নিজের বলে দাবি করে কেটে বিক্রি করেছেন। তবে আরিফুল ইসলামের দাবি, গাছগুলো বন বিভাগের নয় বরং তাঁর বাবা ও তিনি নিজেরাই এসব গাছ লাগিয়েছেন।
এলাকাবাসীর দাবি, সরকারি সড়কের পাশে বন বিভাগের রোপণ করা গাছ ব্যক্তিগত মালিকানা দাবি করে অনুমোদন ছাড়া কেটে বিক্রি করা আইনসঙ্গত নয় এবং এ ঘটনায় আরিফুল ইসলামের বিরুদ্ধে এর আগেও গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছিল। বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬ অনুযায়ী নির্দিষ্ট সরকারি ও সামাজিক বনের গাছ কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদনের বিধান রয়েছে। বিষয়টি শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকারকে জানানো হলে তিনি ঘটনা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। মানিকগঞ্জ বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ জানান, অনুমোদন ছাড়া গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং অভিযোগ প্রমাণিত হলে মামলা ও অর্থদণ্ডসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আরিফুল ইসলাম বিভিন্ন সময়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। সাবেক মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বুলবুল আহমেদ বলেন, দলের পরিচয় ব্যবহার করে কেউ অন্যায় করলে দল তা প্রশ্রয় দেবে না এবং তদন্তে সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও দাবি করেন যে আরিফুল ইসলাম অতীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। সরকারি ছুটির দিনে গাছ কাটার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।