উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা এবং ভাঙচুরের ঘটনায় করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে মামলার বাদী ও কুরিয়ার সার্ভিসটির ব্যবস্থাপক আফসার উদ্দিনকে ফোন করে আজ শনিবারের মধ্যে সমঝোতা না করলে ‘লাশ পড়ে থাকবে’ বলে জানানো হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানিয়েছেন, তিনি বাদীর সঙ্গে কথা বলেছেন এবং হুমকিদাতার কথোপকথনের অডিওটি যাচাই করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল আসামি সাইফুল ও জুয়েল এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম নিয়ে তাঁদের নেতৃত্বেই কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা চালানো হয়েছিল এবং বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাদীর সঙ্গে হুমকিদাতার কথোপকথনের ভাইরাল অডিওতে শোনা যায়, ওই ব্যক্তি মামলার বাদী হওয়ার পরিণতি নিয়ে নানা হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করছেন।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’—এই কথা বলে হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে হামলা চালানো হয়। হামলা শেষে সন্ত্রাসীরা কয়েক লাখ টাকার পণ্য ও সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে পালিয়ে যায়। দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে জমিটি চুক্তির মাধ্যমে ভাড়া নেওয়া হয়েছিল, তবে এখন জোরপূর্বক সেই ভাড়া ইমনকে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এই হামলার ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত পুলিশ মোট আটজনকে গ্রেপ্তার করেছে।