উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর স্কুল মাঠ প্রাঙ্গণে বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে 'অগ্রযাত্রা ওয়েলফেয়ার ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল খেলা। ১৮ই অক্টোবর বিকেলে আয়োজিত এই জমকালো ফাইনাল খেলার উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও সমাজসেবক সাখাওয়াত হোসেন খান-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঠাকুরডাঙ্গী যুব সংঘ এবং ঢেউখালী রাফসান যুব সংঘ। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে রাফসান যুব সংঘকে ২-০ গোলে পরাজিত করে ঠাকুরডাঙ্গী যুব সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক গ্যালারিতে উপস্থিত থেকে করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, যেখানেই ফুটবল, সেখানেই বাংলাদেশ এবং ফুটবল আমাদের সত্তার অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, মাদক মুক্ত সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই এবং প্রতিটি ইউনিয়নে ফুটবল খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন বিশেষ অতিথি সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস ও টুর্নামেন্ট কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম কোভির মোল্লা, মোখলেছ রহমান খান, বাবুল মুন্সী ও চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান বয়াতিসহ স্থানীয় নেতৃবৃন্দ।