উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যা তুলে ধরেন।
সভায় পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন ফতুল্লা থানার এএসআই মো. আব্দুল হামিদ খান। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন ট্রাফিক শাখার সার্জেন্ট শফিউল আজম শোভন এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার নির্বাচিত হন জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মফিজুল ইসলাম।
এ ছাড়া ক্লু-লেস মামলা শনাক্ত ও রহস্য উদ্ঘাটনে অবদানের জন্য বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিককে পুরস্কৃত করা হয়। বিশেষ পুরস্কার পান বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন। অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে অবদানের জন্য পুরস্কৃত হন রূপগঞ্জ থানার ওসি এ. এইচ. এম. সালাউদ্দিন।
পরে দুপুর ১২টায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ওই মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।