উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়ে বসে ছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার সন্ধ্যা সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই দাবি করেন। রাশেদ জানান, বিএনপি আসিফ মাহমুদের প্রতি আগ্রহ না দেখানোর পর তিনি বাধ্য হয়ে এনসিপিতে যোগদান করেছেন।
রাশেদ খাঁনের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, মিথ্যা কথা বলার জন্যই তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাশেদের এই বক্তব্যকে মন্তব্য করার মতো গুরুত্বপূর্ণ মনে করেন না বলে জানান। ফেসবুক পোস্টে রাশেদ আরও অভিযোগ করেন, বেশি আসনে সমঝোতা পাওয়ার আশায় এনসিপির শীর্ষস্থানীয় নেতারাও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বসে থাকতেন।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতা নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। নাহিদ সাত মাসের মাথায় সরকার থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন। আর মাহফুজ ও আসিফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১০ ডিসেম্বর সরকার থেকে পদত্যাগ করেন। এরপর ২৯ ডিসেম্বর এনসিপিতে যোগ দিয়ে দলের মুখপাত্র হন আসিফ মাহমুদ।