উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের একটি ছয়তলা ভবনের পাঁচতলার ভাড়া ফ্ল্যাট থেকে মোঃ সাদ্দাম হোসেন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের জানালার শিক থেকে ঝুলন্ত লাশের পাশেই একটি কাটা নাইলনের দড়ি উদ্ধার হওয়ায় পুরো ঘটনার মোড় ঘুরে গেছে। প্রাথমিক অবস্থায় ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও, স্বজনদের দাবির মুখে পুলিশ দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার মামলা নথিভুক্ত করেছে। তবে নিহতের স্বজন ও এলাকাবাসীর জোরালো দাবি এটি নিছক কোনো আত্মহত্যা নয়, বরং সুপরিকল্পিত কোনো অপরাধ বা হত্যাকাণ্ড।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন তার ছোট স্ত্রী বুশরা আক্তারকে সঙ্গে নিয়ে গাজী আবুল কালামের মালিকানাধীন ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। গত ১৭ অক্টোবর থেকে তেলিকান্দি ও অরুয়াইল বাজার এলাকায় এক থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং তার ওপর মানসিক ও শারীরিক নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে। ঘটনার দিন তাকে বেদড়ক মারধরের পাশাপাশি প্রাণনাশের প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছিল বলে প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য। পরদিন সকাল আনুমানিক ৬টার দিকে একটি রহস্যময় ফোনকল পেয়ে সাদ্দামের স্বজনরা ঘরের ভেতর ছুটে যান এবং ফ্লোরে তার নিথর দেহ দেখতে পান।
ঘটনা তদন্ত ও স্থানীয়দের তথ্য বিশ্লেষণে বেশ কিছু গুরুতর অসঙ্গতি সামনে এসেছে যার মধ্যে রয়েছে জানালার উচ্চতা এবং ঝুলন্ত লাশের পাশেই কাটা চিকন নাইলনের দড়ি পাওয়ার বিষয়টি। ১৭ তারিখ রাতের ঘটনার পর থেকে ১৮ তারিখ ভোরে রহস্যময় ফোনকল আসা পর্যন্ত সাদ্দামের মোবাইলে কার কার সাথে যোগাযোগ হয়েছিল, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ, মৃত্যুর পরপরই একটি পক্ষ ঘটনাটিকে দ্রুত আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয় এবং আলামত নষ্টের অপচেষ্টা চালায়। এ ঘটনায় এলাকাবাসী ও নিহতের পরিবার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।