উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের এক সাধারণ পরিবারে ২০১৬ সালের এপ্রিল মাসে আমার জন্ম ও বেড়ে ওঠা। কৈশোর পেরিয়ে তারুণ্যে পা দিয়ে উচ্চমাধ্যমিক পাসের পর আর লেখাপড়া করতে চাইনি, কিন্তু মা–বাবার ইচ্ছায় ঢাকায় আসতে বাধ্য হই। আব্বা মনে করিয়ে দিয়েছিলেন মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা ও মার্টিন লুথার কিং আইনশাস্ত্র পড়েছিলেন, ভালো করে পড়লে আমিও একদিন তাঁদের মতো হতে পারব।
ঢাকায় এসে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইন বিভাগে গ্রিন রোডের ক্যাম্পাসে ভর্তি হয়ে আমার ঢাকা-জীবন শুরু হয়। পূর্ব রাজাবাজারের একটি হোস্টেলে আমার ঠিকানা হয়, যেখানে হোস্টেলের নিচতলায় তিনটি রুমে আটজনের বসবাস ও বাথরুম ছিল মাত্র দুটি। বিশ্ববিদ্যালয়ের প্রথম তিন সেমিস্টারেই আমাকে ফার্মগেট এলাকার মধ্যে নয়বার হোস্টেল বদলাতে হয়েছিল।
২০২২ সালের প্রথমার্ধে বিশ্ববিদ্যালয়জীবন শেষ হওয়ার পর গুলশান-২-এর একটি আইন চেম্বার থেকে কাজের প্রস্তাব পেলেও ফার্মগেট থেকে দূরে হওয়ায় সেটি গ্রহণ করিনি। পরে পুলিশ প্লাজার কাছে একটি চেম্বারে জুনিয়র হিসেবে যোগ দিই এবং তেজগাঁওয়ের কুনিপাড়ায় বাসা নিই। নতুন বাসায় ওঠার মাত্র ছয় দিন পর আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানেই আইন ও মানবাধিকার বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিই।
বিয়ের পর বাসা নিই গ্রিন রোড এলাকায় এবং সম্প্রতি ফার্মগেট ছেড়ে আমরা আগারগাঁও চলে এসেছি। এখন আমার সহধর্মিণী বলেন গ্রিন রোডই ভালো ছিল, আর আমার পুত্রও মাঝে মাঝে ভাঙা ভাঙা গলায় বলে ফামগেট ও বাবা অফিস।