উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শের লক্ষ্যে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এতে তাঁর পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮২টি এবং এই গোল নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
আল ফয়সালির বিপক্ষে ম্যাচের ৪৯তম মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলটি আসে যেখানে জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে হেড করার চেষ্টা করেন রোনালদো। এরপর বলটি ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে প্রবেশ করলে গোলের পর চিরচেনা ‘সিউ’ উদ্যাপনে মাতেন তিনি। তবে বলে তাঁর মাথার স্পষ্ট স্পর্শ লেগেছিল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে।
সৌদি প্রো লিগ গোলটি রোনালদোর নামেই নথিভুক্ত করেছে এবং তাদের হিসাব অনুযায়ী এটি তাঁর ক্যারিয়ারের ৯৮২তম গোল। ফলে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে এখন আর মাত্র ১৮টি গোল প্রয়োজন তাঁর, তবে ফুটবলের পরিসংখ্যানবিষয়ক বিশ্বস্ত প্রতিষ্ঠান অপ্টা গোলটিকে আত্মঘাতী হিসেবে চিহ্নিত করেছে।
সংবাদমাধ্যম আরিয়াদিয়াহর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ রেফারি আব্দুল্লাহ আল-ওয়াইদানের প্রতিবেদনের ভিত্তিতে গোলটি রোনালদোর গোল হিসেবেই নথিভুক্ত করা হয়েছে। সৌদি প্রো লিগের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, গোলদাতা নির্ধারণে ম্যাচ কর্মকর্তারা রেফারির প্রতিবেদনের ওপর নির্ভর করেন এবং রেফারি নিশ্চিত করেছেন যে গোলটি রোনালদোর নামেই থাকবে।