উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারকে সংবিধান সংশোধনের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আরেকটি সংশোধন করলে আদালত তা হোয়াইটওয়াশ করে দেবে এবং এই পণ্ডশ্রমে তারা রাজি নন।
ক্ষমতায় গিয়ে বিএনপি অতীত ভুলে গেছে বলে অভিযোগ করে শফিকুর রহমান জানান, জুলাই জাতীয় সনদের গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে আপত্তি জানিয়ে দলটি নোট অব ডিসেন্ট দিয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে দেশে-বেসদে লোকজনকে না ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এছাড়া বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী সমঝোতার অভিযোগও করেন জামায়াতের আমির।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক প্রবেশ ঠেকাতে না পারলে সরকারের দেশ পরিচালনার যোগ্যতা নেই। চাঁদাবাজি ও দখলদারির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করে তিনি সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরানোর কার্যকর পরিকল্পনা দাবি করেন।
আলোচনা সভায় এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, তারেক রহমানকে অতীত থেকে সবক নিতে হবে এবং প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের কারণেই তিনি ক্ষতিগ্রস্ত হবেন। জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন একপেশে সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান।