উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান অভি জানান, ফুটপাতে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ওই ব্যক্তির পরনে ছিল ময়লা লুঙ্গি ও কালো গেঞ্জি। প্রাথমিকভাবে তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।