উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শক্তি আবার ফিরে এলে তা প্রত্যেককে ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (ভিপিএসএসসি) আয়োজিত ‘জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায়’ শীর্ষক এই সভায় তিনি প্রধান বক্তা ছিলেন।
নিয়াজ আহমেদ খান বলেন, গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তি এতই শক্তিশালী যে এই শত্রুকে মোকাবিলার ক্ষমতা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান, নির্দিষ্ট ঘরানার মানুষ বা সরকারের পক্ষেও এককভাবে সম্ভব নয়। তাই এই অভিন্ন হুমকির বিরুদ্ধে নিজেদের অস্তিত্বের জন্য পরস্পরের হাত ধরে রাখা দরকার। তিনি আরও বলেন, নেতিবাচক রাজনীতির কারণে প্রতিটি ক্ষেত্রে আমরা বিভাজিত হয়ে গেছি, যা আমাদের বিপর্যস্ত করেছে এবং রাজনীতির ওপরে গিয়ে আমরা সবাই চাই বর্তমান সরকার সফল হোক।
ঐক্য ধরে রাখতে হলে বিভাজন কীভাবে তৈরি হয়েছে, তা দেখতে হবে উল্লেখ করে তিনি জানান যে গত দুই দশকে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের বিভাজিত করা হয়েছে। তিনি বলেন, কট্টরবাদী ও উদারপন্থী কিংবা ১৯৭১ বনাম ২০২৪—এসব বাইনারি তৈরি করে ইতিহাসের পরম্পরাকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। ১৯৪৭, ১৯৫২, ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪—এগুলো বাংলাদেশের জাতিসত্তার মূল পরিচায়ক বলে তিনি মন্তব্য করেন।
জাতীয় ঐক্যের জন্য তিনটি আশাব্যঞ্জক সুযোগের কথা তুলে ধরে নিয়াজ আহমেদ বলেন, তরুণদের কিছু নতুন প্রতিষ্ঠান নড়বড়ে হলেও ঐক্যের পথে বড় ভূমিকা রাখছে এবং তাদের হাত ধরে রাখা প্রয়োজন। এছাড়া বর্তমান সরকারি দল ও বিরোধী দল সবাই গণ–অভ্যুত্থানের পক্ষের শক্তি হওয়ায় অভিন্ন অবস্থানে আসার সুযোগ রয়েছে। সভাটি সঞ্চালনা করেন ভিপিএসএসসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী।