উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সন্ধ্যার অন্ধকার দূর করতে একসময়ে কেরোসিন বা মোমবাতির ওপর ভরসা করতে হতো ঢাকাবাসীকে। কিন্তু ১৯০১ সালের ৭ ডিসেম্বর আহসান মঞ্জিলে সুইচ টিপে বৈদ্যুতিক বাতির আলো জ্বালানো হয়। কলকাতার রাজস্ব বোর্ডের সচিব সি ডব্লিউ বোল্টন এই ঐতিহাসিক বাতি জ্বালানোর কাজটি সম্পন্ন করেন।
নবাব আহসানউল্লাহর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অসুস্থতার কারণে ছোট লাট স্যার জন উডবার্ন উপস্থিত হতে পারেননি। নগরবাসীর দুর্দশা লাঘব ও আধুনিকায়নের জন্য নবাব প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয় করেছিলেন। পরদিন ৮ ডিসেম্বর ঢাকা প্রকাশ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
১৮৮৭ সালে বাবা খাজা আবদুল গণির উপাধি প্রাপ্তিতে ঢাকাবাসীকে আনন্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নবাব আহসানউল্লাহ। প্রথমে গ্যাসের বাতি স্থাপনের পরিকল্পনা থাকলেও পরে সরাসরি বিদ্যুতের বাতি চালুর উদ্যোগ নেওয়া হয়। এই উদ্দেশ্যে গঠিত ট্রাস্টে নবাব সাড়ে চার লাখ টাকা দান করেছিলেন।
বিদ্যুৎ চালুর মাত্র নয় দিন পর ১৯০১ সালের ১৬ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান নবাব আহসানউল্লাহ। ১৯১৯ সালে ডেভকোর মাধ্যমে ঢাকায় বাণিজ্যিক বিদ্যুৎ বিতরণব্যবস্থা চালু করা হয়। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৯ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে।