উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনপদ্ধতি নিয়ে নতুন একটি ধারণা উঠে এসেছে। সংসদ দুই কক্ষের হলে উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায় কি না, আজ শনিবার এমন একটি ধারণা সভায় আলোচনায় আসে। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা অংশ নেন।
কমিটির সভা শেষে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি। সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলা এই বৈঠকে মোট ৪৪ জন অংশ নেন। বৈঠকে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার মতো বিভিন্ন প্রস্তাব এসেছে।
নতুন আইডিয়া অনুযায়ী, উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া রাখা যেতে পারে এবং উপরাষ্ট্রপতিকে উচ্চকক্ষেনর স্পিকারের দায়িত্ব দেওয়া যায়। বিকল্প হিসেবে সরকারি ও বিরোধী দলের সম্মতিতে স্পিকার নির্বাচিত করে তাঁকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব এসেছে। তবে কমিটি জানিয়েছে, এ বিষয়ে আরও প্রস্তাব এলে এবং লিখিত মতামত পেলে সেগুলো প্রতিবেদনে তুলে ধরা হবে।
বৈঠকে অধ্যাপক আসিফ নজরুলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। আসিফ নজরুল গণ–অভ্যুত্থানের প্রত্যাশা মাথায় রেখে ইতিবাচক পরিবর্তন আনার ওপর জোর দেন। কমিটি চায় সবার লিখিত মতামত নিয়ে সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি চূড়ান্ত করতে।