উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলাল নগর গ্রামবাসীর উদ্যোগে মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার হিলাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সচেতনতামূলক সভাটি আয়োজিত হয়। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী নোয়াবের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার এসআই নুর নবী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল গফুর এবং প্রফেসর আবদুল মন্নান। এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওমর ফারুক মজুমদার, বিশিষ্ট সমাজসেবক মো. আলম ও অ্যাডভোকেট সোহাগ হোসেন মজুমদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাদকের থাবায় যুব সমাজ আজ ধ্বংসের পথে এবং এখনই তাদের রক্ষা করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে।
সমাজকে বাঁচাতে যুবকদের মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে হিলাল নগরের ৭টি সমাজ থেকে ২১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটির ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রফেসর শাহজাহান, মাওলানা আবদুল জলিল, নুর হোসেন ও গ্রাম সর্দাররা উপস্থিত ছিলেন।