উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু বলাৎকার ও যৌন নিপীড়নের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে যা যা করা প্রয়োজন সরকার তার সব করবে। তিনি আরও উল্লেখ করেন যে মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তিনি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।
এর আগে সম্মেলনের অধিবেশনে সমাজ থেকে মাদক, ঘুষ, দুর্নীতি ও অন্যায় দূর করতে জুমার খুতবার মাধ্যমে জনসচেতনতা তৈরির আহ্বান জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষ ইমামদের কথা পরম আস্থার সঙ্গে শোনে এবং সমাজের বিভিন্ন অনৈতিকতা দূর করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইমামদের ভূমিকা রয়েছে।
এই সম্মেলনে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির পরিকল্পনাও তুলে ধরেন ধর্মমন্ত্রী। তিনি জানান, আগামী চার বছরের মধ্যে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় নেতাদের পর্যায়ক্রমে সরকারি সম্মানী কাঠামোর আওতায় আনা হবে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।