উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত বছরের আগস্ট মাসের তুলনায় চলতি বছরের আগস্টে বাংলাদেশের ডেনিম রফতানি ১২ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে, যা গত বছরের আগস্টে ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে বিশ্ববাজার থেকে ইইউর ডেনিম আমদানি ১১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৪৩০ দশমিক ১৬ মিলিয়ন ইউরোতে পৌঁছায়। ইইউর মোট ডেনিম আমদানিতে বাংলাদেশের অংশ গত বছরের আগস্টের ৩০ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে চলতি বছরের আগস্টে ৩১ দশমিক ২ শতাংশ হয়েছে।
তবে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ইইউতে বাংলাদেশের ডেনিম রফতানি ৫ দশমিক ৮৫ শতাংশ কমে ৮৬৯ দশমিক ১৩ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এ রফতানির পরিমাণ ছিল ৯২৩ দশমিক ১১ মিলিয়ন ইউরো, অর্থাৎ রফতানি কমেছে প্রায় ৫৪ মিলিয়ন ইউরো।
এ বিষয়ে বিজিএমইএ-র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাসসকে জানান, সুপ্রতিষ্ঠিত সরবরাহব্যবস্থা, দক্ষ জনবল ও প্রযুক্তিগত সক্ষমতার কারণে ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে বাংলাদেশ শক্ত অবস্থান বজায় রেখেছে। তিনি উচ্চমূল্যের পণ্য উৎপাদন, স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন বৃদ্ধি এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।