উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে এখন থেকে সরাসরি মামলা করা হবে। একই সঙ্গে জব্দ করা হবে দোকানের মালামাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আজ শনিবার রাজধানীতে ডিএসসিসির সাপ্তাহিক ক্লিনিং ডে উপলক্ষে আয়োজিত অভিযানে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক জানান, অবৈধ দোকান সরাতে এত দিন অনুরোধ করা হলেও এখন থেকে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাস্তায় যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য ভাসমান দোকান অনেকাংশে দায়ী। মানবিকতার দোহাই দিয়ে তাই রাস্তা ও ফুটপাত দখলের কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
রাজধানীর নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে আবার উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না।
মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে থাকা বর্জ্য স্থানান্তর কেন্দ্র জনস্বার্থে সরিয়ে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। চলতি মাসের মধ্যেই ওই এলাকার জন্য নতুন এসটিএস নির্মাণের কাজ শেষ হবে। শনিবারের এই অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ ও অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করা হয়।