উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রকৃতি, ঐতিহ্য ও আতিথেয়তাকে পর্যটনের শক্তিতে রূপান্তরের ওপর জোর দিয়ে ছুটি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ আরিফি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান তিনি। একটি পর্যটন গন্তব্যের শুধু সৌন্দর্যই যথেষ্ট নয়, বরং সেখানে পৌঁছানো সহজ হওয়া, মানসম্মত আবাসন, পরিচ্ছন্ন পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি।
তিনি জানান, পর্যটনশিল্পের বিকাশে অবকাঠামো উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ প্রয়োজন। সরকারের দায়িত্ব হলো প্রয়োজনীয় অবকাঠামোগগত সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করা, আর বেসরকারি খাত মানসম্মত আবাসন ও সেবা সম্প্রসারণে কাজ করবে।
ছুটি গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে পুবাইলে পাঁচ তারকা মানের ছুটি সিগনেচার, পূর্বাচলে ছুটি হারমনি, কক্সবাজারে ছুটি বিচ রিসোর্ট, শ্রীমঙ্গলে সালতানাত টি রিসোর্ট, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সালতানাত হাইওয়ে ভিলেজ এবং প্রবীণ নাগরিকদের জন্য আনন্দবাড়ি প্রকল্প। স্থানীয় জনগণকে পর্যটনের সাথে যুক্ত করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণের ওপরও বিশেষ গুরুত্ব দেন তিনি।