উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে সতর্ক থাকার কথাও জানান তিনি।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জনগণ ভোট দিলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের অভিযোগের জবাবে তিনি স্বীকার করেন যে ভোট রক্ষা করার ক্ষেত্রে তাদের নিজস্ব দুর্বলতা ছিল। সামনে সিটি নির্বাচনে সর্বোচ্চ দিয়ে ও দিনরাত একাকার করে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের ভুলগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে।
সামনের নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তোলার এবং কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন জামায়াত আমির। তিনি আরও বলেন, তাঁরা আর বসে বসে তামাশা দেখবেন না এবং যেখানে সামর্থ্য থাকবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন। আসন্ন নির্বাচন সামনে রেখে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও আসন্ন মেয়র নির্বাচনে দলের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া সম্মেলনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে তৈরি নাগরিক সেবা নামের একটি অ্যাপ উদ্বোধন করেন শফিকুর রহমান। দুই ভাগে বিভক্ত এই সম্মেলনের নির্বাচনী সেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ১৩ হাজারের বেশি রুকন ভোট দেন।