উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে বরিশাল নগরীর বিভিন্ন বাসা বাড়িতে চলছে পূজার প্রস্তুতি। পূজার উপকরণ কেনাবেচাকে ঘিরে অস্থায়ী বাজারগুলোতে তৈরি হয়েছে উৎসবের আমেজ। বরিশাল, ২৪ অক্টোবর, ২০২৬ (বাসস) সূত্রে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজাকে ঘিরে বরিশাল নগরীতে জমে উঠেছে পূজার সামগ্রীর বাজার।
আজ শনিবার নগরীর স্বরোড সড়কের মমতাজ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে অস্থায়ীভাবে বসেছে পূজা সামগ্রীর বাজার। পূজার অন্যতম উপকরণ কলাগাছের ড্যাম, কলার খোল, ধান, দুর্বা, বেলপাতা ও পদ্মফুলসহ বিভিন্ন সামগ্রী কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। উৎসবকে সামনে রেখে এসব সামগ্রী বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন গ্রাম থেকে আসা ব্যবসায়ীরাও।
ক্রেতা গোপাল সরকার বাসসকে বলেন, মা লক্ষ্মীর আরাধনায় ব্যবহৃত হবে এসব সামগ্রী এবং এর মাধ্যমে মৌসুমী ব্যবসায়ীরা কিছু অর্থ উপার্জন করে স্বাবলম্বীও হবেন। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রাম থেকে ১৪ জন ব্যবসায়ী পূজার বিভিন্ন উপকরণ নিয়ে নগরীতে এসেছেন। ব্যবসায়ী ঝন্টু বেপারী ও আশিক গাইন জানান, তারা প্রতি বছর লক্ষ্মীপূজার সময় একদিনের জন্য নগরীতে এসে পূজার সামগ্রী বিক্রি করেন।
বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, ধান, অশোক, মানকচু, হলুদ ও আফান এক সঙ্গে বিক্রি হচ্ছে ২০ টাকায়। এ ছাড়া বেলপাতা ১৫ টাকা, কলাগাছের ড্যাম ২শ’ টাকা, কলার খোল ২০ টাকা, নলথুরি ফুল ২০ টাকা এবং পদ্মফুল ২০ টাকায় বিক্রি হচ্ছে। বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বাসসকে বলেন, লক্ষ্মীপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এবং পূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়।