উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্ত-আশেকানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ৪৪তম পবিত্র ওরশ শরীফ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। হযরত শাহ্ পরাণ ফকির (রহ.)-এর স্মরণ এবং হযরত শাহ্ চুন্নু ফকির (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় এই বিশেষ আয়োজন করা হয়।
ওরশ শরীফে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার। মীর কায়ছার হামিদের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।
তিন দিনের এই আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল, জিকির-আজকার এবং আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, আত্মশুদ্ধি এবং নৈতিক জীবন গঠনের মাধ্যমে মানবকল্যাণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
ওরশ উপলক্ষে পুরো এলাকায় এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভক্ত ও আশেকানরা গভীর শ্রদ্ধার সাথে অলি-বুজুর্গদের জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি ধর্মপ্রাণ মানুষের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণের মাধ্যমে তিন দিনব্যাপী এই পবিত্র আয়োজনের সমাপ্তি ঘটে।