উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের রায়কালীতে উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের শ্রী-শ্রী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। রায়কালী সর্বজনীন দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির ব্যবস্থাপনায় রায়কালী ক্ষেত্র মোহন মন্ডলের বাড়িতে বিগত ১৫ বছর ধরে এই পূজা আয়োজিত হয়ে আসছে।
পূজা কমিটির সভাপতি ক্ষীরোদ চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক বঙ্কিম চন্দ্র মন্ডল জানান, পূজা সম্পন্ন করতে কমিটির নিজস্ব তহবিল থেকে প্রায় ২ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুদান হিসেবে প্রতিটি মন্ডপে ৬০০ কেজি চাল দেওয়া হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মনোজিৎ কুমার বিশ্বাস, কোর্ট-মহরি পরিমল মন্ডল, পুরোহিত বিধান কুমার চক্রবর্তী, শিক্ষক দীপ্তি কীর্তনীয়া, প্রধান শিক্ষক কল্যাণী মন্ডল এবং আনসার কমান্ডার মোঃ হাসান ফকিরসহ আরও অনেকে। পূজা কমিটির পক্ষ থেকে মন্দির সংস্কারের জন্য সরকারের নিকট আর্থিক অনুদান প্রার্থনা করা হয়েছে।
সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত মন্দির প্রাঙ্গণে প্রতিদিন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পূর্বপুরুষের এই ধর্মীয় ঐতিহ্য ও প্রতিশ্রুতি রক্ষায় পরবর্তী প্রজন্মও এই পূজা চালিয়ে যাবে।