উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুরান ঢাকার কাপ্তান বাজার থেকে আজ বৃহস্পতিবার ভোরে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে মুরগি নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ যাচ্ছিলেন মো. শামীম হাওলাদার। পথে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয় একটি বেপরোয়া গতির ট্রাক।
এ দুর্ঘটনায় ভ্যানচালক মো. রাসেল ও মুরগির দোকানের কর্মচারী শামীম গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহত শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত রাসেল চিকিৎসাধীন রয়েছেন।