উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে জ্বালানি তেল, এলপিজি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ কষ্টে রয়েছে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, একজন মানুষ বাজারে গিয়ে একটি বা দুটি আইটেমের বেশি সবজি কিনতে পারছেন না এবং মধ্যবিত্ত পরিবারের ডিম খাওয়ার পরিমাণ অর্ধেকের বেশি কমে গেছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। কারওয়ান বাজার কাঁচাবাজারের কেন্দ্র হওয়ায় সেখান থেকেই এই প্রচারপত্র বিতরণ শুরু করা হয়। নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও সিন্ডিকেটবাজদের আধিপত্যের বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এদের প্রতিহত করতে হবে।
দেশের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত খারাপ উল্লেখ করে তিনি বলেন, একদিকে সন্ত্রাসী ও মাদক কারবারিদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে দমন-পীড়ন চলছে। বর্তমান সরকারকে গণবিরোধী ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের অবিলম্বে পদত্যাগ দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের জবাবে নাহিদ বলেন, নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা ছিল এবং এখনো তারা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার বিন্দুমাত্র কৃতিত্ব সরকারের নয় বলে মন্তব্য করে তিনি জানান, সাধারণ মানুষ, বিরোধী দল ও মাদ্রাসার ছাত্ররা রাজনৈতিক ও সামাজিকভাবে এই পূজায় সহযোগিতা করেছে।
অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন আগামী ৩০ অক্টোবর বেলা তিনটায় শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে ঢাকা শহরে চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান ও গণবিক্ষোভ চলমান থাকবে বলে জানানো হয়।