উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানো সহজ করতে দেশটিতে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মালদ্বীপ থেকে অর্থ পাঠানো সহজ করতে বাংলাদেশ ব্যাংক তিনটি নতুন ব্যবস্থার প্রস্তাব করেছে। গত ৮ অক্টোবর এমএমএ গভর্নরের কাছে পাঠানো চিঠিতে গভর্নর ড. মোস্তাকুর রহমান দুই দেশের মুদ্রা কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা চেয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রবাসী আয় কমে যাওয়া এবং অর্থ পাঠাতে নানা জটিলতার কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মালদ্বীপে বর্তমানে এক লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। স্থানীয় মুদ্রা রুফিয়া সরাসরি গ্রহণে অনীহা থাকায় প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে অনেককে মার্কিন ডলার কিনে অতিরিক্ত কমিশন দিয়ে অর্থ পাঠাতে হয়, যা হুন্ডির মতো অনানুষ্ঠানিক ব্যবস্থাকে উৎসাহিত করে।
বাংলাদেশ ব্যাংক প্রস্তাব করেছে এসিইউর আওতায় রুফিয়া ব্যবহারের সম্ভাবনা যাচাই, রুফিয়ায় পরিশোধের সুযোগ এবং দ্বিপক্ষীয় কারেন্সি সোয়াপ ব্যবস্থা চালু করা। ব্র্যাক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকসহ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইতিমধ্যে মালদ্বীপে শাখা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেছে। ২০২৫-২৬ অর্থবছরে মালদ্বীপ থেকে ১১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৬ দশমিক ৪ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাসসকে জানান, প্রবাসী আয় বৈধ পথে আনতে মালদ্বীপে ব্যাংকের শাখা খোলার চেষ্টা চলছে এবং এমএমএর জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের কয়েকটি ব্যাংক মালদ্বীপে শাখা পরিচালনা করছে যা বাংলাদেশের জন্য কার্যকর দৃষ্টান্ত। দুই দেশের অনুমোদন সাপেক্ষে এই উদ্যোগ বাস্তবায়ন হলে প্রবাসীদের অর্থ পাঠানো সহজ হবে এবং বৈধ চ্যানেলে আয় বাড়বে।