উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি চলছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা ঘটনাস্থলেই নিজেদের ছাত্রলীগের পদে থাকার বিষয়টি স্বীকার করেছেন। গত বুধবার বিকেল থেকে এই অনশন কর্মসূচি শুরু হয়েছিল।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন জানান, অনশনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা রয়েছেন এমন তথ্য পেয়ে তাঁরা সেখানে যান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন বলেন, প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা হিসেবে নিশ্চিত হওয়ার পর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে এবং যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।