উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়েছে যেখানে দলটির নেতৃত্বের সুপার সিক্সটিন ঘোষণা করা হয়। কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়।
এই পুনর্গঠনের মধ্য দিয়ে এনসিপির সাংগঠনিক কাঠামো থেকে সাতটি পদ কার্যত বিলুপ্ত হয়েছে। পদগুলো হলো মুখ্য সমন্বয়ক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক। তবে পুনর্গঠিত কমিটিতেও আগের মতো দুজন করে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব রাখা হয়েছে। আগের কমিটিতে মুখ্য সমন্বয়ক পদে নাসীরুদ্দীন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত এবং মুখপাত্র পদে আসিফ দায়িত্ব পালন করেছেন।
কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নেতাদের দক্ষতা বা পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে বলে এনসিপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ২১৭ সদস্যের কমিটি নিয়ে যাত্রা শুরু করেছিল এনসিপি। এখন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে নতুন করে যুক্ত হয়েছেন গত এপ্রিলে দলটিতে যোগ দেওয়া অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি এ কে ফ্লোরা এবং বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার।
পুনর্গঠিত কমিটির শীর্ষ ছয়ে এনসিপির আটজন সংসদ সদস্যের মধ্যে তিনজন রয়েছেন, যাঁরা হলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দলের অন্য পাঁচ সংসদ সদস্য কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন। এনসিপির এর আগের কমিটির ১১টি শীর্ষ পদ দলটির নেতৃত্বের সুপার ইলেভেন হিসেবে পরিচিত থাকলেও পুনর্গঠনের পর তা সুপার সিক্সে রূপ নিয়েছে।