উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া।
পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন আলম শেখ। এ সময় তাকে দেখে শিশু চোর সন্দেহে স্বজনেরা জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা তাকে নিচে নামিয়ে এনে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত ছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের বাড়ি রাজধানীর রূপনগর এলাকায় বলে জানা গেছে।