উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই প্রতিবাদ জানানো হয়। দলটির অভিযোগ, নিজ দেশের নাগরিকদের জীবন রক্ষায় বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা এসব বিষয়ে কিছুই জানত না। বিদেশে বাংলাদেশের নাগরিকদের বিচার, কারাবাস ও মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সরকারের কার্যকর ভূমিকা থাকা দরকার ছিল।
সমাবেশের সভাপতিত্ব করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না। বিদেশে আটক বা কারাবন্দী বাংলাদেশিদের তালিকা তৈরি এবং রাষ্ট্রীয় খরচে তাঁদের আইনি সহায়তা দেওয়ার দাবি জানান তিনি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।