উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার সকালে দলটির এবং তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দেশের সড়ক–মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণেই একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।
মঙ্গলবার ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৪ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হন। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
সড়কে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। এছাড়া মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ করা এবং সড়ক সিন্ডিকেট ভেঙে দিয়ে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।