উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহমুদ ইমতিয়াজ, সৌদি আরব প্রতিনিধিঃ
দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতে বাংলা সংগীত ও দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে জনপ্রিয় সংগীতশিল্পী তাসলিমা মৌ এর উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রিয়াদের হোটেল ডি প্যালেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগীতশিল্পী তাসলিমা মৌ ইতিমধ্যে সৌদি আরবে বেশ কয়েকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন। প্রবাসে কর্মরত বাংলাদেশিদের জীবনসংগ্রাম, সুখ-দুঃখ ও নানা অভিজ্ঞতা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর। এসব অভিজ্ঞতা থেকে প্রবাসীদের প্রতি নিজের অনুভূতি ও ভাবনা তুলে ধরেন তিনি।
মিট দ্য প্রেসে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিজের গাওয়া কয়েকটি গানের অংশবিশেষ পরিবেশন করেন তাসলিমা মৌ। এ সময় তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান ও তাঁদের নিরলস পরিশ্রমের কথা তুলে ধরেন।
সংগীতজগতে নিজের পথচলা সম্পর্কে তাসলিমা মৌ জানান, ২০০৭ সালে তিনি সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন। দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে তিনি সংগীতের সঙ্গে যুক্ত রয়েছেন। দেশে ও প্রবাসে সুস্থ ধারার সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি।
তিনি আরও জানান, বাংলাদেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে গান পরিবেশনের সুযোগ পেয়েছেন এবং বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। এ ছাড়া সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম ও সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকেও আজীবন সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। এসব স্বীকৃতি ও সম্মাননার জন্য তিনি সংশ্লিষ্ট সংগঠন এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের মাইল কোম্পানির চেয়ারম্যান ও বাংলাদেশি নারী উদ্যোক্তা নাসিম আক্তার।