উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নতুন প্রতিভা অন্বেষণ ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এই তিন দিনের প্রতিযোগিতায় দেশের ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নেবেন। পুরুষদের ২২টি ও নারীদের ১৮টি ইভেন্টে মোট ৪০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৩১ জন পুরুষ ও ১৩৪ জন নারী অ্যাথলেট।
ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ জাবের জানিয়েছেন, লক্ষ্মীপুর ও যশোর থেকে শুরু হওয়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম পর্যায়ক্রমে ১১টি জেলায় সম্প্রসারণ করা হবে। তবে মানসম্মত প্রশিক্ষণ ও আবাসনের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে জাতীয় স্টেডিয়ামের পাশে একটি ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চেয়েছে ফেডারেশন, যেখানে খেলোয়াড়দের আবাসন ও পড়াশোনার ব্যবস্থা থাকবে।
নির্ভুল ফলাফল নিশ্চিত করতে এবার প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বুয়েটের প্রকৌশলীদের সহায়তায় অকেজো ইলেকট্রনিক ফটোফিনিশিং ব্যবস্থা পুনরায় সচল করা হয়েছে। এছাড়া প্রতিযোগিতার সাতটি থ্রো ইভেন্ট ২৩ অক্টোবর আর্মি স্টেডিয়ামে এবং ম্যারাথন ২৪ অক্টোবর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে অনুষ্ঠিত হবে।
এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং পাওয়ার্ড বাই আনোয়ার ইস্পাত। বিজয়ীদের জন্য অর্থ পুরস্কারের পাশাপাশি রেকর্ড গড়া অ্যাথলেটদের জন্য ২০ হাজার টাকা এবং সেরা অ্যাথলেটের জন্য একটি মোটরসাইকেল উপহারের ঘোষণা দিয়েছে ফেডারেশন। সব মিলিয়ে এই আসর দেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দীর্ঘমেয়াদি পরিবর্তনের সূচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।