উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বজুড়ে ইন্টারনেটের একটি বড় অংশ পরিচালিত হয় পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সম্প্রতি এই ল্যাঙ্গুয়েজে দুটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। হ্যাকারদের সম্ভাব্য হামলা থেকে বাঁচতে সংশ্লিষ্টদের দ্রুত সিকিউরিটি আপডেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চমকপ্রদ বিষয় হলো, গত ১০ বছরেরও বেশি সময় ধরে লুকিয়ে থাকা এই ত্রুটিগুলো কোনো মানুষ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সহায়তায় খুঁজে বের করা হয়েছে। ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পিএইচপি-র ওপর নির্ভরশীল হওয়ায় হ্যাকাররা সহজেই মূল সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এই সতর্কতার পর ফিনল্যান্ড সরকার, নেদারল্যান্ডসের জাতীয় সংসদ, উইকিপিডিয়ার কিছু অংশ এবং বিবিসির কয়েকটি অনুষ্ঠানসহ বিশ্বের বহু ওয়েবসাইট সাময়িকভাবে তাদের সেবা বন্ধ রেখেছে। হোয়াইট হাউস, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা সংস্থাগুলো এই ঝুঁকি মোকাবিলায় একযোগে কাজ করছে। হ্যাকাররা ইতোমধ্যে কিছু সাইটে আক্রমণ শুরু করেছে বলে প্রমাণ পাওয়া গেছে, তাই ব্যবহারকারীদের দ্রুত সিস্টেম আপডেট করার অনুরোধ জানানো হয়েছে।