উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্যান্সার, কিডনি রোগ ও লিভার সিরোসিসসহ সাতটি জটিল ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের এককালীন এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬৫ হাজার রোগীকে ৬৫০ কোটি টাকা সহায়তা প্রদান করা হবে।
এই অনুদান পাওয়ার যোগ্য সাতটি রোগ হলো ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া। নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একই অর্থবছরে একবার এবং সারা জীবনে সর্বোচ্চ তিনবার এই আর্থিক সহায়তা গ্রহণ করতে পারবেন।
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দরিদ্র ও অসচ্ছল রোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া জরুরি প্রয়োজনে, জীবন সংকটাপন্ন রোগী, প্রতিবন্ধী, শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিরা এই কর্মসূচিতে বাড়তি গুরুত্ব পাবেন।
আগ্রহীরা সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষ সব তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করবে। তবে ভুল তথ্য বা ভুয়া সনদপত্র জমা দিলে কিংবা অন্য কোনো সরকারি সহায়তা আগে পেয়ে থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।