উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা বাংলাদেশ ও ডেলিভারি হিরো স্টোরস লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গত রোববার এই আদেশ দেন।
মামলা থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন ফুডপ্যান্ডার সহপ্রতিষ্ঠাতা ও এমডি সৈয়দা আম্বারীন রেজা, পরিচালক জুবায়ের সিদ্দিকী, ডেলিভারি হিরোর পরিচালক মোহাম্মদ তাবরেজ খান, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক এবং সিনিয়র ম্যানেজার মো. সাজেদুল হক। গত বছরের ৩ জুলাই আইপিএলই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে এই মামলা দুটি দায়ের করেছিলেন।
তদন্ত শেষে গুলশান থানা পুলিশ পাঁচ কর্মকর্তাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। এর প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকার নিম্ন আদালত অভিযোগ আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।
উচ্চ আদালত মামলা দুটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন এবং মামলাগুলো কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে মামলার বাদীকে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।