উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে হলে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে অলআউট করতে হবে বাংলাদেশকে। এর আগে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে পারভেজ হোসেন ইমনের দায়িত্বশীল অর্ধশতকে ভর করে ১৬০ রানে অলআউট হয় লাল-সবুজ প্রতিনিধিরা। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে ছিটকে যাওয়ায় সুযোগ পাওয়া ইমন ৯৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভয়াবহ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৮ রানে প্রথম সারির ৪ ব্যাটার বিদায় নেন, যার মধ্যে চারজন ব্যাটারই কোনো রান করতে পারেননি। ম্যাচের দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দ্রুত সাজঘরে ফেরেন এবং সপ্তম ওভারে পরপর আউট হন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক তাওহীদ হৃদয়।
প্রাথমিক বিপর্যয় সামলে পঞ্চম উইকেটে ৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। সাইফ ৮২ বলে ৪১ রান করে আউট হন এবং মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে যান। সেট ব্যাটার ইমন রশিদ খানের শিকার হয়ে এলবিডব্লিউ হলে ৪২তম ওভারে অলআউট হয় বাংলাদেশ।
আফগানিস্তানের পক্ষে লেগস্পিনার রশিদ খান সর্বাধিক ৪টি উইকেট শিকার করেন। এছাড়া ইয়ামিন আহমদজাই ও আজমতউল্লাহ ওমরজাই ২টি করে উইকেট নিজের নামের পাশে লেখেন। ফাইনালে যাওয়ার এমন কঠিন সমীকরণ মেটাতে এখন বল হাতে চমক দেখাতে হবে বোলারদের।