উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উপকূলীয় সুরক্ষায় আন্তর্জাতিক অর্থায়ন বাড়লেও প্রয়োজনের তুলনায় তা এখনো যথেষ্ট নয়। এডিবির প্রতিবেদন অনুসারে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপকূলীয় অর্থনীতিগুলোতে আন্তর্জাতিক অভিযোজন অর্থায়ন ২০১৫ সালে প্রায় ৫ বিলিয়ন ডলার ছিল। ২০২২ ও ২০২৩ সালে তা বেড়ে বছরে গড়ে ১১.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কিন্তু অর্থায়ন প্রায় দ্বিগুণ হলেও বড় ঘাটতি রয়ে গেছে। উপকূলীয় স্থিতিস্থাপকতা বাড়ানোর বিনিয়োগের প্রধান ভিত্তি সরকারি অর্থায়ন। সেই সাথে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে সরকারি তহবিলের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ এবং সহজ শর্তে ঋণ ও অন্যান্য অর্থায়নের সুযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে।
বুধবার প্রকাশিত এশিয়া-প্যাসিফিক ক্লাইমেট রিপোর্ট ২০২৬: কোস্টাল রিস্কস অন দ্য রাইজ—অ্যাকশনস ফর আ রেজিলিয়েন্ট ফিউচার শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপদের মুখে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপকূলীয় এলাকাগুলো ক্রমশ ঝুঁকির মুখে পড়ছে। উপকূলীয় বন্যার ক্ষয়ক্ষতি বর্তমান মাত্রার কাছাকাছি রাখতে বছরে ৯ থেকে ১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। সেই বিনিয়োগে প্রতিবছর ১৭৮ থেকে ৩৬০ বিলিয়ন ডলারের বন্যার ক্ষতি এড়ানো সম্ভব। অন্যথায়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপকূলীয় বন্যার বার্ষিক অর্থনৈতিক ক্ষতি ২০৫০ সালের মধ্যে বেড়ে ১৯৯ বিলিয়ন ডলার এবং ২১০০ সালের মধ্যে ৭৩৯ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। বর্তমানে এই ক্ষতির পরিমাণ বছরে প্রায় ২৭ বিলিয়ন ডলার।
এডিবির উপকূলবর্তী উন্নয়নশীল সদস্য দেশগুলোতে ৪০ কোটিরও বেশি মানুষ সমুদ্র থেকে ১০ কিলোমিটারের মধ্যে বসবাস করেন। অর্থাৎ, এই দেশগুলোর প্রতি ১০ জনের মধ্যে একজনেরও বেশি মানুষ উপকূলের কাছাকাছি থাকেন। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় বন্যা এবং অন্যান্য জলবায়ুজনিত বিপদের প্রভাব শুধু অবকাঠামো বা অর্থনীতিতে সীমাবদ্ধ থাকবে না, সরাসরি আঘাত হানতে পারে মানুষের জীবন-জীবিকা ও বসতিতে। বড় অর্থনীতিগুলো মোট অর্থমূল্যের বিচারে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে। অন্যদিকে, ছোট দ্বীপরাষ্ট্রগুলোতে ক্ষতির আপেক্ষিক প্রভাব হবে আরো ভয়াবহ। উচ্চ নিঃসরণ পরিস্থিতিতে ২১০০ সাল নাগাদ এসব দ্বীপরাষ্ট্রের বার্ষিক বন্যাজনিত ক্ষতি মোট দেশজ উৎপাদনের ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে।
ব্যাংকক, জাকার্তা, কলকাতা ও মুম্বাইয়ের মতো শহরগুলোতে যে ধরনের উপকূলীয় বন্যা ঐতিহাসিকভাবে এক শ’ বছরে একবার ঘটত, তা এই শতাব্দীর শেষ নাগাদ প্রতিবছর ঘটতে পারে বলে সতর্ক করেছে এডিবি। বিপদের মুখে রয়েছে বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও। প্রতিবেদনের হিসাব অনুযায়ী, এই অঞ্চলে বন্দরগুলোতে বিঘ্ন ঘটার কারণে বছরে প্রায় ৪০ থেকে ৪৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড ঝুঁকির মুখে পড়ে। এডিবির জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগের মহাপরিচালক ইয়েভজেনি ঝুকভ বলেন, উপকূলীয় অঞ্চলগুলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধির উপেক্ষিত চালিকাশক্তি। কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান বিপদের মুখে সেগুলো পিছিয়ে পড়ছে।