উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছেড়েছেন ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগের কথা জানিয়ে তিনি বলেছেন, বিএনপি ও সরকারকে বিব্রতকর পরিস্থিতি থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিজের অভিযানে কোনো ভুল করেননি বলেও তিনি দাবি করেছেন।
ইশরাকের পদত্যাগের ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং এর মধ্য দিয়ে বর্তমান বিএনপি সরকারের মন্ত্রিসভা থেকে তিনজন সদস্য বাদ পড়লেন। রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ, বিতর্কিত বক্তব্য, নীতিগত মতবিরোধ ও রাজনৈতিক চাপের কারণে প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন বা বাদ পড়েছেন।
১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সরকারে ত্রাণমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর পদত্যাগ ছিল স্বাধীনতার পর কোনো জ্যেষ্ঠ মন্ত্রীর প্রথম পদত্যাগের ঘটনা। এরপর ১৯৭৪ সালে নীতিগত দূরত্বের কারণে পদত্যাগ করেছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী তাজউদ্দীন আহমদ। এ ছাড়া জিয়াউর রহমান, এরশাদ এবং পরবর্তী বিভিন্ন সরকারের আমলেও নানা কারণে মন্ত্রীদের পদ ছাড়ার বহু নজির রয়েছে।