উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার লাকসাম স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়নের দাবিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। লাকসাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন গত বুধবার এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে জরাজীর্ণ অবকাঠামো সংস্কার, খেলার মাঠের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং গ্যালারি ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, লাকসাম একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক জনপদ হলেও প্রয়োজনীয় সংস্কারের অভাবে স্টেডিয়ামটির ক্রীড়াবান্ধব পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে এতে উল্লেখ করা হয়। একটি আধুনিক স্টেডিয়াম গড়ে উঠলে স্থানীয় খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ এবং প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।
উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে স্টেডিয়ামের কারিগরি জরিপ, মাঠের পূর্ণাঙ্গ সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং দর্শক গ্যালারি ও ড্রেসিংরুমের উন্নয়ন। এছাড়া নিরাপত্তা, আলোকসজ্জা, বিভিন্ন খেলার উপযোগী অবকাঠামো নির্মাণ এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলা হয়েছে। পরিশেষে স্টেডিয়ামটিকে একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্সে উন্নীত করতে সরকারি প্রকল্প গ্রহণ ও প্রয়োজনীয় বরাদ্দের দাবি জানান স্মারকলিপিদাতা।