উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমাতে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দক্ষিণ আমেরিকার ১১টি দেশে ১৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ব্রাজিল, চিলি ও পেরু এই অঞ্চলে বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য হিসেবে উঠে এসেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ব্রাজিলে ৭ কোটি ৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চিলিতে রপ্তানি হয়েছে ৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার ডলারের পণ্য এবং পেরুতে রপ্তানির পরিমাণ ২ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া কলম্বিয়ায় ১ কোটি ৮০ লাখ ৫০ হাজার, উরুগুয়েতে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার এবং আর্জেন্টিনায় ১ কোটি ২ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
দক্ষিণ আমেরিকার ১১টি দেশে বাংলাদেশের রপ্তানি এখনো মূলত তৈরি পোশাকনির্ভর। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ওভেন ও নিট পোশাক মিলিয়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার, যা ওই ১১টি দেশে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৭৯ দশমিক ২ শতাংশ। একই সময়ে ওষুধ থেকে ৬৫ লাখ ৮০ হাজার এবং জুতা ও সংশ্লিষ্ট পণ্য থেকে ৫৭ লাখ ১০ হাজার ডলার আয় হয়েছে।
ইউরোপ ও উত্তর আমেরিকার প্রচলিত বাজারের বাইরে দক্ষিণ আমেরিকায় রপ্তানি সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, গৃহসজ্জার সামগ্রী ও হস্তশিল্পের বাজার সম্প্রসারণের লক্ষ্যে গত ১১ থেকে ১৩ আগস্ট ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত হোম শো ব্রাজিল ২০২৬ প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ। ইপিবির আর্থিক সহায়তায় এবং ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় এ প্রদর্শনীতে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়।