উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৪৫তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের নাম সংযুক্ত করে পুনরায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বঞ্চিত প্রার্থীদের মধ্যে মোহাম্মদ হাবিবুল ইসলাম নামের এক প্রার্থী আমরণ অনশন শুরু করেছেন। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি শুরু হয়। নিজের নাগরিক অধিকার ও গেজেট থেকে বাদ পড়ার কারণ জানতে চেয়ে হাবিবুল ইসলাম অনশন চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, একজন নাগরিক হিসেবে সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে তাঁর সাংবিধানিক অধিকার রয়েছে কিন্তু সরকার তাঁকে বঞ্চিত করেছে। তিনি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন এবং কোনো ফৌজদারি মামলার আসামিও নন বলে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্বের ঘোষণার সঙ্গে গেজেট প্রকাশের সিদ্ধান্তের অসংগতি তুলে ধরে হাবিবুল ইসলাম বলেন, গত ১ অক্টোবর ঘোষণা দেওয়া হয়েছিল সরকারি চাকরির ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না। রাজনীতির সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও তাঁদের অনেকেই গেজেটে অন্তর্ভুক্ত হননি। কোন মানদণ্ডে তাঁদের বাদ দেওয়া হয়েছে, সরকারকে তা স্পষ্ট করতে হবে বলে তিনি দাবি জানান। সরকারের একটি সিদ্ধান্তের কারণে তাঁর চার বছরের পরিশ্রম নষ্ট হয়ে গেছে উল্লেখ করে তিনি নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেটে নাম না আসায় চিকিৎসক সুব্রত তালুকদার গভীর হতাশা প্রকাশ করেন।
সুব্রত তালুকদার জানান, তাঁর বাড়ি সুনামগঞ্জের মধ্যনগরে এবং গেজেটে নাম এলে তিনি উপজেলা পর্যায়ে প্রান্তিক মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ পেতেন। তাঁর এলাকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বেশি বঞ্চিত এবং সেখানে চিকিৎসকের প্রয়োজনও অনেক বেশি। গেজেটে নাম না আসায় শারদীয় দুর্গোৎসবেও তিনি বাড়ি যেতে পারেননি এবং ঢাকায় অবস্থান করে মানববন্ধনে অংশ নিচ্ছেন। স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত অপর প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম সিরাজ বলেন, চাকরি পাওয়ার ক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত করা উচিত। জুলাই আন্দোলনের পর বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা থেকে তাঁরা বর্তমান সরকারের মানবিক সিদ্ধান্ত কামনা করছেন।
মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী একরাম গাজী হৃদয়। তিনি বলেন, বঞ্চিত প্রার্থীদের মধ্যে যাঁদের বিরুদ্ধে কোনো মামলা বা অপরাধে জড়িত থাকার প্রমাণ নেই, তাঁদের বিষয়ে পুনরায় তদন্ত করে গেজেটে অন্তর্ভুক্ত করা হোক। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেই কেউ অপরাধী হয়ে যান না বলে মন্তব্য করেন তিনি। শুধু অতীতের রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনা করে যেন কাউকে গেজেট থেকে বাদ দেওয়া না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এই প্রার্থী।