উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় প্রকাশ পেয়েছে যে, ডিজিটাল লেনদেনের তুলনায় নগদ লেনদেনে খরচ প্রায় ২৮ গুণ বেশি। ২০২৩ সালে দেশে নগদ লেনদেনের বার্ষিক ব্যয় ছিল প্রায় এক লাখ ৭০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.২৪ শতাংশ। অন্যদিকে ডিজিটাল লেনদেন ব্যবস্থার বার্ষিক ব্যয় ছিল ৫ হাজার ৯৬৪ কোটি টাকা, যা জিডিপির মাত্র ০.১১ শতাংশ।
গবেষণার তথ্য অনুযায়ী, মাথাপিছু হিসাবে বছরে নগদ লেনদেনের ব্যয় ৯ হাজার ৯৩৮ টাকা এবং ডিজিটাল লেনদেনে এই ব্যয় মাত্র ৩৪৮ টাকা। নগদ লেনদেনের কারণে ব্যাংকগুলোকে বছরে প্রায় ৩৬ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় করতে হয়। এছাড়া ছায়া অর্থনীতির কারণে বছরে সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ ৯৩ হাজার ৩০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, নগদ অর্থ ব্যবস্থাপনার সঙ্গে উল্লেখযোগ্য ব্যয় জড়িত রয়েছে এবং ডিজিটাল লেনদেন বাড়লে এই পুনরাবৃত্ত ব্যয় কমানো সম্ভব। তবে ব্যবসায়ীদের কাছ থেকে বেশি মাশুল, ইন্টারনেট সংযোগের অনির্ভরযোগ্যতা এবং প্রতারণার মতো ঝুঁকি ডিজিটাল লেনদেনের বিস্তারে বাধা সৃষ্টি করছে।
কেন্দ্রীয় ব্যাংক আন্তসংযোগযোগ্য ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ‘বাংলা কিউআর’ চালু করেছে এবং ২০২৬ সালের ১ অক্টোবর থেকে লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি শূন্য শতাংশ নির্ধারণ করেছে। নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে বিপুল ব্যয় সাশ্রয়ের সুযোগ রয়েছে বলে গবেষণায় বলা হয়েছে।