উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষ গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দেশে চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের কথাও তুলে ধরেন।
ফেসবুক পোস্টে শফিকুর রহমান অভিযোগ করে লেখেন, জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি জানান, পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এটি প্রমাণ করে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিচে নেমে গেছে।
জামায়াত আমির আরও উল্লেখ করেন, সারা দেশে অসামাজিক ও আইনশৃঙ্খলাবিরোধী কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক রূপ নিয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসভবনে এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও উদ্বেগ তৈরি করেছে। তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।’
এদিকে একই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। তিনি এই ঘটনাকে উদ্বেগজনক ও লজ্জাজনক আখ্যা দিয়ে এর সুষ্ঠু তদন্ত, দায়ীদের কঠোর শাস্তি এবং সংশ্লিষ্ট অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব আরও বলেন, এই অপরাধের নেপথ্যে যারা জড়িত এবং যারা পৃষ্ঠপোষকতা করছে, তাদেরও চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। সেই সঙ্গে মাদকের ভয়াবহ বিস্তার রোধে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও দেশের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।