উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ, শান্তি ও মঙ্গল কামনায় মহানবমীর পূজা ও অঞ্জলি দিয়েছেন ভক্তরা। আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ পূজারিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। মন্ত্রপাঠ, উলুধ্বনি, ঢাক ও কাঁসর ঘণ্টার শব্দে চলে পূজার আনুষ্ঠানিকতা।
আজ সকাল সোয়া ১০টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা ১১টার দিকে ভক্তদের হাতে অঞ্জলির ফুল ও বেলপাতা দেওয়া হয় এবং সোয়া ১১টার দিকে অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে এই পর্ব শেষ হয়। আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
পরিবার নিয়ে পূজা দিতে আসা সরকারি কর্মকর্তা অজিত দেব বলেন, সবার জীবনে শান্তি, সুস্থতা ও মঙ্গল আসুক এবং ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যেন মিলেমিশে ভালো থাকতে পারি। পূজা প্রাঙ্গণের মেলা থেকে অনেকে পরিবারের সদস্যদের নিয়ে পছন্দের জিনিস কেনাকাটা করেন। মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা অরূপরতন চৌধুরী দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।