উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল চারটার দিকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল কালাম আজাদ (৬১), মোখলেসুর রহমান (৬৪) ও শহিদুল ইসলাম (৬৩)। এর মধ্যে আবুল কালাম আজাদ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র। মোখলেসুর রহমান একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। শহিদুল ইসলাম আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ কর্মকর্তা জুয়েল রানা জানান, গ্রেপ্তার তিনজন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন। ঢাকায় দলীয় কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তাঁরা ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।