উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে এর আগেই কাউন্সিলর পদে নির্বাচনী প্রস্তুতি জোরেশোরে এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুই সিটির মোট ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে দলটির অভ্যন্তরীণ বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৪৩টিতে এবং দক্ষিণ সিটির ৭৫টির মধ্যে ৬৯টিতে সম্ভাব্য প্রার্থীর নাম জানানো হয়েছে। বাকি ১৭টি ওয়ার্ডে এখনও বাছাই প্রক্রিয়া চলছে। দলীয়ভাবে নাম প্রকাশ করা হলেও প্রার্থীদের কাউকে এখনো চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি।
নির্বাচন কমিশন গত ১২ অক্টোবর পাঁচ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করলেও সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এখনো জানায়নি। তা সত্ত্বেও জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে জামায়াত তাদের প্রস্তুতি অব্যাহত রেখেছে। ওয়ার্ড পর্যায়ের পাশাপাশি দুই সিটির মেয়র পদেও সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করে রাখা হয়েছে।
মেয়র পদে ঢাকা উত্তরে মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ডাকসুর সাবেক ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তাঁদের পরিচয় করিয়ে দিলেও কেন্দ্র থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উত্তরের ১১টি এবং দক্ষিণের ৬টি ওয়ার্ডে এখনো যাচাই-বাছাই চলছে। ঘোষিত ওয়ার্ডগুলোতে সম্ভাব্য প্রার্থীরা ব্যানার-ফেস্টুন টানিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে জনসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন। তবে মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত জানান, পরিস্থিতি বিবেচনায় কারও নাম বাদ পড়ে বিকল্প প্রার্থীও আসতে পারে।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, মেয়র প্রার্থীদের নাম কেন্দ্র থেকে এবং কাউন্সিলর প্রার্থীদের নাম মহানগর নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। আপাতত সম্ভাব্য প্রার্থীদের মাঠে কাজ চালিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।