উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাহিলী আল-হেরা ইসলামিয়া মাদরাসা, মসজিদ ও কবরস্থানের উদ্যোগে আগামী ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার ২২তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। সাহিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই মাহফিলটি বাদ জুমা ও বাদ মাগরিব—দুই পর্বে অনুষ্ঠিত হবে।
মাহফিলের প্রথম পর্বে ‘হেরার স্মৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবীর এবং প্রধান বক্তা হিসেবে শায়েখ মাওলানা মোস্তাফিজ রাহমানী উপস্থিত থাকবেন। এছাড়া আখেরি মোনাজাত পরিচালনা করবেন শাইখুল হাদিস মাওলানা রুহুল আমীন কাসেমী।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে নারীদের জন্য পর্দার সঙ্গে ওয়াজ শোনার ব্যবস্থা এবং শেষে তাবারক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা মো. আতোয়ার রহমানসহ আয়োজক কমিটি ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে পবিত্র কোরআনের তাফসির শোনার আহ্বান জানিয়েছেন। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঢাকা ও স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।