উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্য ও সক্ষম বেকারদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার রাজধানীর দয়াগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও আর্থিক অনুদান বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের মানুষ বাংলাদেশি হিসেবে সমান অধিকার পাওয়ার যোগ্য। কোনো সামাজিক বা জাতিগত পরিচয় দিয়ে তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। বর্তমান সরকার সব নাগরিকের সমান অধিকারে বিশ্বাসী এবং পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলতে চায়।
অনুষ্ঠানে ৬৮০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রস্তাবিত ১৭টি আবাসিক ভবন নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, আবাসন সংকট নিরসনে স্থায়ী ভবন নির্মাণ এবং পানির সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।