উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডা উত্তরপাড়ায় জামিয়াতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসী ভাই ভাই ফাউন্ডেশনের সৌজন্যে সোমবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইসলামিক গজল পরিবেশনা, বক্তব্য এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মাইনুদ্দিন রহমানির সভাপতিত্বে সেমিনারে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি ও আমেরিকা প্রবাসী ভাই ভাই ফাউন্ডেশনের উদ্যোক্তা ওহিদুর রহমান। তিনি বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংগড্ডা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা গিয়াস উদ্দিন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইউসুফ আলী মজুমদার। অতিথিরা বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানের একপর্যায়ে মাওলানা গিয়াস উদ্দিন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তাদের পড়াশোনা, ধর্মীয় অনুশীলন ও ভালো ফলাফলের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। বার্ষিক সেমিনার ও অভিভাবক সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।